তারানা-বাবুকে প্রধান করে টেলিসিটি’র সংসদীয় কমিটিতে ২ সাব কমিটি গঠন

২১ মে, ২০২৪ ০১:০২  

দেশের রাষ্ট্রায়ত্ব টেলিকম প্রতিষ্ঠান টেলিটক, বিটিসিএল, টেশিস এবং ডাক বিভাগকে লোকসানের হাত থেকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সব আইন, বিধি-নির্দেশিকা সংশোধন ও নতুন আইন প্রণয়ন সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার জন্য চার জন করে দুইটি সাব কমিটি করেছে দ্বাদশ জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একইসঙ্গে পেপারলেস স্মার্ট অফিস স্থাপনের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে কমিটির দ্বিতীয় বৈঠকে।

জাতীয় সংসদ ভবনে কমিটির চেয়ারম্যান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বি এম কবিরুল হক, মো. নজরুল ইসলাম বাবু, আব্দুল্লাহ নাহিদ নিগার, আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক, তারানা হালিম এবং মো. সিদ্দিকুল আলম আলোচনায় অংশ নেন। পাশাপাশি বৈঠকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিভাগের মন্ত্রণালয়ের সচিবদ্বয়, বিভিন্ন বিভাগের প্রধানসহ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্র জানিয়েছে, বৈঠকে বিগত বৈঠকের সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্তমান পদক্ষেপ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের গৃহীত কার্যক্রম উপস্থাপন; টেলিটক, বিটিসিএল, টেশিস এবং ডাক বিভাগ এবং বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও বাংলাদেশে আইটি সেবার মান বৃদ্ধির লক্ষ্যে হাইটেক পার্কের কার্যকারিতা আরও গতিশীল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি পেপারলেস স্মার্ট অফিস স্থাপনের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। আলোচনায় বিভিন্ন চ্যানেলকে সেবা দিয়ে আয়ের উৎস সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রার অপচয় রোধে রাষ্ট্রায়ত্ব স্যাটেলাইট কোম্পানি কর্তৃপক্ষের প্রশংসা করা হয়। একই ভাবে প্রশ্নের মুখে পড়েন অলাভজনক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীরা। এসময় কমিটির পক্ষ থেকে টেলিটককে লাভজনক করার কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। অন্যথায় পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে (পিপিপি) দেওয়ার কথাও বলা হয়। তবে এ নিয়ে কোনও সুপারিশ করা হয়নি।

বৈঠকে উপস্থিত কমিটির সদস্যদের সঙ্গে আলাপ-আলোচনা করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সব আইন, বিধি-নির্দেশিকা সংশোধন ও নতুন আইন প্রণয়ন সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার জন্য চার সদস্য বিশিষ্ট একটি সাব-কমিটি এবং টেলিটক, বিটিসিএল, টেশিস এবং ডাক বিভাগকে লোকসানের হাত থেকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সম্পর্কে সুপারিশ দেওয়ার জন্য চার সদস্য বিশিষ্ট অন্য একটি সাব-কমিটি গঠন করা হয়। এর মধ্যে টেলিটকসহ মন্ত্রণালয়ের অধীনে থাকা সংস্থাগুলো কীভাবে লাভজনক প্রতিষ্ঠানে দাঁড় করাতে সংসদের ডেপুটি হুইপ নজরুল ইসলাম বাবুকে প্রধান করে আহ্বায়ক কমিটি এবং আইন প্রণয়নের বিষয়ে তারানা হালিমকে প্রধান করে অপর একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।